
বিশ্বজুড়ে আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে নাম উঠে আসা এবং ঋণ খেলাপির অভিযোগকে কেন্দ্র করে ফেনী–৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ফেনী জেলা ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানায় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার উদ্যোগে আজ বিকাল সাড়ে ৪টায় ফেনী মিজান ময়দানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি প্রকাশিত কয়েক মিলিয়ন পৃষ্ঠার নথিতে জেফরি এপস্টেইনের রাজনৈতিক যোগাযোগ, অর্থায়ন কাঠামো এবং প্রভাববলয়ের বিস্তারিত তথ্য উঠে আসে। এসব নথিতে ফেনী–৩ আসনের বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর নামও উল্লেখ রয়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
প্রকাশিত নথিগুলো যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সাবেক গভর্নর বিল রিচার্ডসনের নির্বাচনী প্রচারণার অর্থায়নসংক্রান্ত। নথি অনুযায়ী, জেফরি এপস্টেইন ওই প্রচারণার অন্যতম শীর্ষ দাতা ছিলেন এবং তিনি ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দেন।
একই দাতাতালিকায় বাংলাদেশের ব্যবসায়ী ও বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর নামও রয়েছে। নথিতে উল্লেখ করা হয়েছে, তিনি বিল রিচার্ডসনের নির্বাচনী তহবিলে ৫ হাজার মার্কিন ডলার অনুদান দেন। সেখানে তাকে ‘বাংলাদেশের ব্যবসায়ী’ হিসেবে পরিচয় করানো হয়েছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী–৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রখ্যাত ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু। তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত হাজী সফি উল্যাহ রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং পরবর্তীতে দাগনভূঞা উপজেলার প্রথম দুই মেয়াদে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
আবদুল আউয়াল মিন্টু এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং মাল্টিমোড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও পরিচিত। তবে এপস্টেইন–সংক্রান্ত নথিতে তার নাম উঠে আসার পর মনোনয়ন ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটেই মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে নামার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির।