
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় রাজনীতির দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা এগোল। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে অভিযোগগুলো জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, এই দুই নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মোট দুটি মামলা আনা হয়েছে, যেখানে ২৩ জন হত্যার অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
এ মামলায় আজই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে আদালত আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেবেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তী কার্যক্রম ও পরবর্তী শুনানির দিনক্ষণ নির্ধারণ করবেন।
বর্তমানে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন দুজনই গ্রেপ্তার অবস্থায় কারাগারে রয়েছেন।