
পচা রাজনীতির ধারা ভেঙে নতুন পরিবর্তন দেখতে চায় চব্বিশের তরুণ প্রজন্ম। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা নোংরা রাজনীতি আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক। আমরা চাই বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত শির নিয়ে স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে দাঁড়াক।” তিনি উল্লেখ করেন, দেশের তরুণ সমাজ দীর্ঘদিন ধরেই এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে আসছে।
তিনি আরও বলেন, “আমাদের যুবসমাজের এটাই ছিল আকাঙ্ক্ষা। তারা জুলাইয়ে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বুকের রক্ত দিয়ে তারা আমাদের এই মুক্তি ও স্বাধীনতা এনে দিয়েছে। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”
জামায়াত আমির তার বক্তব্যে জাতিগত ও রাজনৈতিক বিভাজনের বিষয়ে সতর্ক করে বলেন, দেশকে বিভক্ত করার কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, পচা রাজনীতি নয়, চব্বিশের যুব সমাজ পরিবর্তন চায়। বক্তব্যের শেষভাগে তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ দিতে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানান।