
প্রথম পর্যায়ে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ২১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৬ নভেম্বর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণসহ বিভিন্ন বিষয়ে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
তিনি জানান, দ্বিতীয় পর্যায়ে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। তৃতীয় পর্যায়ে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি ইউনিয়নে, চতুর্থ পর্যায়ে ৯৩টি উপজেলার ৭৯৩টি ইউনিয়নে এবং পঞ্চম পর্যায়ে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোন ইউনিয়ন পরিষদে কোন তারিখে ভোট হবে, তা আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনার জানান, প্রথম পর্যায়ের ভোটের ৫০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১০ ডিসেম্বরের আগেই সংলাপে বসবে নির্বাচন কমিশন। এ আলোচনা চলবে তিন দিন।
আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে যা প্রয়োজন সবকিছুই করবে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কোনো রাজনৈতিক দলের দাবি এখনো পায়নি নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’