
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০টি নতুন উড়োজাহাজ। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে আজ বুধবার এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এর আগে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনাও চূড়ান্ত করেছে বিমান।
চুক্তি অনুযায়ী, বিমানের বহরে চারটি এ৩৫০-৯০০ ওয়াইড-বডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারো-বডি উড়োজাহাজ যুক্ত হবে। চুক্তিতে এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করবেন।
‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শীর্ষক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের উৎসব হলে অনুষ্ঠিত হবে। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর এবং ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
বিমান সূত্রে জানা গেছে, চারটি এ৩৫০-৯০০ ভবিষ্যতে দূরপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আর ছয়টি এ৩২১নিও দিয়ে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুট পরিচালনা করা হবে। সরবরাহ শুরু হতে পারে ২০৩৩ সালে এবং তা ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত চলতে পারে।
এর আগে বিমান ১৪টি বোয়িং কেনার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ছিল আটটি ৭৮৭-১০, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮। পরে আরও ১১টি বোয়িং যুক্ত হওয়ায় মোট ক্রয়ের সংখ্যা দাঁড়ায় ২৫টিতে।
এয়ারবাসের ১০টি উড়োজাহাজের ক্রয়প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী বছরগুলোতে বিমানের বহরে মোট ৩৫টি নতুন উড়োজাহাজ যুক্ত হবে। এর মধ্যে ১৯টি ওয়াইড-বডি ও ১৬টি ন্যারো-বডি। ফলে বোয়িং ও এয়ারবাস—দুই নির্মাতার উড়োজাহাজ নিয়ে বিমানের বহর আরও বৈচিত্র্যময় হবে।
নতুন উড়োজাহাজগুলো হাতে পাওয়ার আগ পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সক্ষমতা বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে বিমান।