
ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল অতিক্রম করা গভীর নিম্নচাপটি স্থলভাগে উঠে দুর্বল হয়ে পড়ছে। তবে এর প্রভাবে আজ শুক্রবার বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি বুধবার মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করে। বর্তমানে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন ওড়িশা উপকূলীয় এলাকায় স্থলভাগে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।
নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। এর ফলে বাংলাদেশের ওপর এর প্রভাবও ক্রমে কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার এবং গভীর সাগরে থাকা সব ধরনের নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গভীর নিম্নচাপটি ইতোমধ্যে স্থলভাগে উঠে এসেছে এবং দুর্বল হয়ে পড়ছে। এর প্রভাবে দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে বরিশালের কিছু এলাকা এবং খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ায় এর প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কা কম।