
বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সদর দপ্তরের কাছে ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন দুই নেতা।
বৈঠকে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা।
দুই নেতা বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত ও সম্প্রসারণের বিষয়ে একমত হন।
তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এরদোগান দুই দেশের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড় করানোর প্রয়োজনীয়তার কথা বলেন এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।