
ভারত সরকার নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের নিয়োগে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। ভারতের দেওয়া অ্যাগ্রিমোঁর একটি অনুলিপি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর দ্য প্রিন্ট জানিয়েছিল, সিয়ামকে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার নিয়োগের প্রস্তাবে ভারত তখনও আনুষ্ঠানিক সম্মতি দেয়নি।
১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেওয়া পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম আগামী কয়েক সপ্তাহের মধ্যে বর্তমান হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হতে পারেন। রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়ার কথা রয়েছে।
২০২৫ সালের জুনে পররাষ্ট্রসচিবের দায়িত্ব নেওয়ার আগে সিয়াম যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি অস্ট্রিয়ায় এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
কূটনৈতিক জীবনে তিনি ইতালির মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাইকমিশনার এবং ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।
ভারতের সম্মতির খবরটি এমন সময়ে এলো, যখন ঢাকা ও নয়াদিল্লি দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। আগস্টে দ্য প্রিন্ট দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে পেছনে কূটনৈতিক যোগাযোগ চলার কথা জানিয়েছিল।