
জাতীয় রাজনীতিতে তীব্র মতপার্থক্য থাকলেও নিউইয়র্কের স্থানীয় বিষয়গুলোতে একসঙ্গে কাজের সম্ভাবনা নিয়ে আবারও মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের মেয়রের সরকারি বাসভবন গ্র্যাসি ম্যানশনে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
হোয়াইট হাউস ও নিউইয়র্ক মেয়রের কার্যালয় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। মেয়রের কার্যালয় জানিয়েছে, নিউইয়র্ক সিটি ও এর বাসিন্দাদের প্রভাবিত করে—এমন বিভিন্ন বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হবে। তবে আলোচনার নির্দিষ্ট এজেন্ডা প্রকাশ করা হয়নি।
ট্রাম্প ও মামদানির মধ্যে এটি তৃতীয় সরাসরি বৈঠক। এর আগে ২০২৫ সালের নভেম্বরে হোয়াইট হাউসে প্রথমবার মুখোমুখি হন তারা। চলতি বছরের ফেব্রুয়ারিতেও তাদের মধ্যে আরেকটি বৈঠক হয়। তবে গ্র্যাসি ম্যানশনের বৈঠকটি নিউইয়র্ক সিটিতে তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ।
দুই নেতার রাজনৈতিক অবস্থান অবশ্য বেশ ভিন্ন। ট্রাম্প রিপাবলিকান দলের নেতা এবং মামদানি ডেমোক্রেটিক পার্টির একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচিত। ২০২৫ সালের মেয়র নির্বাচনের প্রচারে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডাও হয়েছিল। নির্বাচনের আগে ট্রাম্প মামদানিকে বিভিন্নভাবে আক্রমণ করেছিলেন। তবে নির্বাচনের পর তাদের সম্পর্কের প্রকাশ্য সুরে পরিবর্তন দেখা যায়।
নভেম্বরের হোয়াইট হাউস বৈঠকে দুই নেতা নিউইয়র্কের আবাসন, জীবনযাত্রার ব্যয়, খাদ্য ও নগর নিরাপত্তার মতো বিষয় নিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। সে সময় ট্রাম্পও মামদানির মেয়াদকালে নিউইয়র্কের উন্নতির প্রত্যাশা ব্যক্ত করেন।
চলতি বছরের ফেব্রুয়ারির বৈঠকেও নিউইয়র্কে আবাসন নির্মাণ ও নগর উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছিল। এবারও স্থানীয় মানুষের জীবনযাত্রা ও শহরের বিভিন্ন সমস্যা আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে মেয়রের কার্যালয়ের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে।
ট্রাম্প বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে রয়েছেন। এ সফরের অংশ হিসেবেই গ্র্যাসি ম্যানশনে মামদানির সঙ্গে বৈঠকে বসছেন তিনি।