
নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইন অনুযায়ীই নির্বাচন আয়োজন করবে কমিশন।
তবে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঠিক কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাননি নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।