
দেশের শিল্প-কলকারখানায় আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে আগের মতো বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে এ কথা জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।
সোমবার সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় তিন ঘণ্টার বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এফবিসিসিআই প্রশাসক।
ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই নতুন করে তৈরি হওয়া সংকট কাটিয়ে শিল্পে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আগামীকাল রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, সেই অবস্থায় গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় ফিরে যেতে পারব। এটা আমাদের মনে হয়, আজকের এই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বস্তির খবর।
ফজলুল হক জানান, শুধু বর্তমান সংকট মোকাবিলা নয়, ভবিষ্যতে শিল্পের সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত গ্যাস-বিদ্যুতের চাহিদা কীভাবে পূরণ করা হবে, বৈঠকে তারও একটি বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, এটা কিন্তু ব্যাপারটা এরকম নয় যে তাঁরা উপস্থাপন করেছেন, আমরা শুধু শুনে শুনে বের হয়ে এসেছি। কারণ উপস্থাপন হয়েছে আধা ঘণ্টা, আমাদের মিটিং কিন্তু পূর্বনির্ধারিত ছিল দুই ঘণ্টা। সেই মিটিং দীর্ঘায়িত হয়েছে তিন ঘণ্টায়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, ব্যবসা, কর্মসংস্থান ও শিল্পায়নের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও খনিজ সম্পদ নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
তিনি জানান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বৈঠকে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। এতে বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারের দুই বছর, পাঁচ বছর ও ১০ বছর মেয়াদি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
গ্যাস সরবরাহের বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে মাহদী আমিন বলেন, বর্তমানে দুটি এফএসআরইউর ওপর দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় নির্ভরতা রয়েছে। এর মধ্যে একটি দীর্ঘদিন ধরে অচল ছিল।
তিনি বলেন, বর্তমান সরকার সেটি মেরামতের পাশাপাশি ভবিষ্যতে এফএসআরইউর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে তিনটি এবং পরবর্তী সময়ে আরও দুটি যুক্ত করে মোট পাঁচটি এফএসআরইউ করার পরিকল্পনা রয়েছে। আগামী ২০২৮ সাল শুরুর আগেই তৃতীয় এফএসআরইউ যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এর মাধ্যমে গ্যাস সরবরাহের সংকট অনেকটাই নিরসন হবে বলে জানান তিনি।
বৈঠকে এফবিসিসিআই, আইসিসিবি, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এতে বাণিজ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টাও উপস্থিত ছিলেন।