
শপথ গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে নিজের দাপ্তরিক কার্যালয়ে গেলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন তিনি।
সকাল ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, বঙ্গভবনে আজকের এই প্রবেশের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
এর আগে গত ২০ আগস্ট দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
পরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথবাক্য পাঠ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
শপথ নেওয়ার পর গতকাল শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।