
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনারের আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইসি সচিব আখতার আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১২(৬) বিধি অনুযায়ী নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।
প্রজ্ঞাপনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিতার নাম মির্জা রুহুল আমিন উল্লেখ করা হয়েছে। তাঁর ঠিকানা হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও পৌরসভার কালিবাড়ী গ্রামের ঠিকানা দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট।