
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্য ও চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানো হয়।
যুক্তরাজ্যের দূতাবাসের অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও জোরদার করতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে যুক্তরাজ্য।
অন্যদিকে চীনের অভিনন্দন বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বেইজিং। নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত চীন।
এর মাধ্যমে দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনার প্রত্যাশাও জানিয়েছে দেশটি।