
স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মেয়ের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগার হতে ১২ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে। ভোরে পুলিশের নিরাপত্তায় প্রিজন ভ্যানে জেল থেকে বের হন তিনি। রওনা হন রাজধানী ঢাকার কলাবাগানের উদ্দেশ্যে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত মুক্ত থাকবেন তিনি। তবে তার সাথে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বলয়।
এর আগে বুধবার দুপুরে মায়ের সাথে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দিপাবলি। পরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে ৪দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ঘন্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।
দিপু মনি পক্ষের আইনজীবি গাজী ফয়সাল জানিয়েছেন মুক্তির পর রাজধানী ঢাকার কলাবাগানে দীপু মনি যাবেন, সেখানে মরহুমের মরদেহ থাকবে। সে বাড়িতেই দীপু মনির সাথে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরবর্তীতে গুলশান আজাদ মসজিদে জানাজা ও বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে ।
প্রসঙ্গত, ২০২৪সাথে আওয়ামীলীগ সরকার পতনের পরে ১৯আগষ্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয় দীপু মনিকে। দীর্ঘদিন ধরে তিনি মুন্সীগঞ্জ কারাগারে রয়েছেন।