
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে আরও কার্যকর করতে বাংলাদেশের আগ্রহের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সংস্থাটির বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে বৈঠকে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সোমবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন গোলাম সারওয়ার। এ সময় সার্কের বর্তমান পরিস্থিতি, চলমান কার্যক্রম এবং সংস্থাটির সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে বিদায়ী মহাসচিব সার্কের কার্যক্রম সচল রাখার পাশাপাশি নতুন উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি জানান, সংস্থাটির নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং উন্নয়ন সহযোগীদের সহায়তায় বিভিন্ন কর্মসূচিও পরিচালিত হচ্ছে।
গোলাম সারওয়ার আরও জানান, আগামী ২০২৬ সালের শেষ নাগাদ সার্ক ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশের প্রত্যাশা রয়েছে।
বৈঠকে শামা ওবায়েদ ইসলাম সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারের কথা আবারও তুলে ধরেন। আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখতে চায় বলেও জানান তিনি।
এ লক্ষ্যে নিয়মিত রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণ এবং বৃহত্তর অংশীজনদের সার্কের কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
গোলাম সারওয়ারের নেতৃত্বের প্রশংসা করে শামা ওবায়েদ ইসলাম বলেন, তার মেয়াদে সার্কের কার্যক্রমে যে গতি এসেছে, তা ভবিষ্যতেও ধরে রাখা হবে বলে তিনি আশা করেন।
একই সঙ্গে সার্কের পরবর্তী মহাসচিবের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।