
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বর্তমানে তারা যুগ্মসচিব পদমর্যাদায় কর্মরত ছিলেন। সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী, অবসরপ্রাপ্ত এসব কর্মকর্তা প্রাপ্য অবসর-সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে চলতি মাসের ৫ জুলাই ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ কর্মকর্তাকেও একই আইনের আওতায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারা বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তা ছিলেন এবং তাদেরও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছিল।
এরও আগে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জন তৎকালীন জেলা প্রশাসককে একই প্রক্রিয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার।