
দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, অথচ কর্মসংস্থানের সুযোগ সেই হারে তৈরি হয়নি। এমন বাস্তবতায় একটি চাকরির পদের বিপরীতে পাঁচ থেকে ছয় লাখ আবেদন জমা পড়ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল।
রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ৪ কোটি শিক্ষিত যুবক রয়েছে। কিন্তু সেই তুলনায় পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই। তবে পরিস্থিতির পরিবর্তনে সরকার কাজ করছে, যদিও এর ফল পেতে কিছুটা সময় লাগবে। একই সঙ্গে তিনি কর্মমুখী শিক্ষার ওপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, "সরকারের মাত্র ৫ মাসেই দেশে অনেক ধরনের কথা শুরু হয়ে গেছে। এসব থাকবেই। আমরা যেন সুযোগকে হেলায় না হারাই। যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।"
তিনি আরও বলেন, গত ১৭ বছরে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানও ধ্বংসের মুখে পড়েছে। বর্তমানে সেসব প্রতিষ্ঠান পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।