
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে কুড়িগ্রাম স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। সভাপতিত্ব করেন সামাজিক বন বিভাগ, রংপুরের উপবন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নেওয়ারও আহ্বান জানান তারা।
মেলায় বন বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম, প্রদর্শনী এবং তথ্যসেবা প্রদান করা হচ্ছে।
কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান জানান, মেলাটি ২৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে জেলার ২৮টি নার্সারির স্টল অংশ নিয়েছে। পরিবেশবান্ধব সমাজ গঠনে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও বেগবান করতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।