
আন্দোলনের মাধ্যমে এইচএসসি পরীক্ষা বাতিল কিংবা অটোপাসের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সরকার বিবেচনায় নিতে প্রস্তুত থাকলেও পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক, সরকার তা চায় না। তবে আন্দোলনের মাধ্যমে এইচএসসি পরীক্ষা বাতিল বা অটোপাস আদায়ের কোনো সুযোগ নেই।
তিনি জানান, পূর্বঘোষিত সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের সময় ঢালাওভাবে জিপিএ ৫ এবং অটোপাশের অপসংস্কৃতি তৈরি হয়েছিলো। এমনকি ইন্টেরিমের সময় সচিবালয়ে ঢুকে পরিক্ষা স্থগিত, বিনা পরীক্ষায় পাশ; শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোন কাজ আমরা অ্যালাউ করব না।’
শিক্ষার্থীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, গুজব বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে নিয়ম মেনে পরীক্ষায় অংশ নেওয়া উচিত। একই সঙ্গে তিনি অভিভাবকদেরও সন্তানদের পরীক্ষায় অংশগ্রহণে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। তাই শিক্ষা পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে।