
টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারে দেশের ১১ জেলায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্গত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা সচল করা এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো রক্ষায় সদস্যরা মাঠে কাজ করছেন।
মোতায়েন করা জেলাগুলো হলো—বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর।
রোববার (১২ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় এসব জেলার মোট ৯০টি পয়েন্টে বিজিবি সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং করছে। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার অভিযান এবং মানবিক সহায়তাও অব্যাহত রাখা হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, বান্দরবানের বন্যাদুর্গত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে এবং ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এ ছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কে চলাচল স্বাভাবিক করতে উপড়ে পড়া গাছ ও ধ্বংসাবশেষ অপসারণে বিজিবি কার্যকর ভূমিকা পালন করছে। একই সঙ্গে নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকির মুখে পড়া একটি স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে নিরাপদ চলাচল নিশ্চিত করার কাজও চালিয়ে যাচ্ছে বাহিনীটি।