
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জমকালো শিল্পী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল ১১টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি বলেন, নজরুল বর্ষের কর্মসূচিগুলো দেশের তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে, যাতে তরুণ প্রজন্ম জাতীয় কবির সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়।
তিনি আরও বলেন, দেশের অসচ্ছল ও অসুস্থ শিল্পীদের কল্যাণ ও চিকিৎসার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। সরকার সবসময় শিল্পীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। তিনি জাতীয় কবির জীবনদর্শন ও সৃষ্টিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও ব্যাপকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
শিল্পী সম্মেলনে দেশের বিভিন্ন শিল্পমাধ্যমের গুণী শিল্পী, নজরুল গবেষক, বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন। তারা নজরুল বর্ষের কর্মসূচিগুলোকে আরও গতিশীল, জনসম্পৃক্ত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনা দেশের প্রতিটি প্রান্তে আরও বিস্তৃতভাবে পৌঁছে যাবে।