
বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান স্থগিত থাকার বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর রয়েছে।
শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি দায়িত্বের অংশ হিসেবে সরকার নিশ্চিত করতে চায়, অভিবাসীরা যেন অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের জন্য সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, বাংলাদেশসহ কয়েকটি দেশের অভিবাসীদের মধ্যে সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের ঝুঁকি তুলনামূলক বেশি হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানায়, এই স্থগিতাদেশের ফলে যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই ও বাছাই-সংক্রান্ত নীতিমালা এবং প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনার সুযোগ তৈরি হবে, যাতে সেগুলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেয়।
তবে এই সিদ্ধান্ত শুধু অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক, ব্যবসা, শিক্ষার্থী বা অন্যান্য নন-ইমিগ্র্যান্ট ভিসা এই স্থগিতাদেশের আওতায় নয়।