
জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত পরিশোধ করা হবে। একই সঙ্গে গত দুই মাসের বকেয়া বেতনও চলতি মাসেই পরিশোধের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে। একই সঙ্গে দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে।’
বেতন বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গত সেপ্টেম্বর থেকে এনটিআরসির মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যা প্রয়োজনীয় ছিল। শিক্ষকসংকট থাকায় এসব পদে নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছিল। তাঁর ভাষ্য, অন্তর্বর্তী সরকার নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করলেও এ খাতে বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়নি।
মন্ত্রী আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর দেখা যায়, নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন পরিশোধে ৫০১ কোটি টাকা প্রয়োজন, কিন্তু সে অর্থের সংস্থান ছিল না। এ কারণে দুই মাস বেতন দেওয়া সম্ভব হয়নি। তবে এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জুলাই থেকেই নিয়মিত বেতন পরিশোধ শুরু হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে আ ন ম এহছানুল হক মিলন বলেন, ইসলামী শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের দল-মতের ঊর্ধ্বে থেকে আদর্শিক ও নৈতিক জীবন গড়ে তুলতে হবে। তিনি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষার্থীদের ইসলামের মূল আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, শিক্ষক এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।