
বিদেশি দর্শনার্থীদের জন্য নতুন সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।
শনিবার (২৭ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিদেশি নাগরিক বা পর্যটক যুক্তরাষ্ট্রে অবস্থানকালে করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে কিংবা সেসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে তাকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।
এছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের ব্যয়ভার নিজেই বহনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে যাওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনভিবাসী বা অস্থায়ী ভিসাধারীরা এ ধরনের অনিয়মে জড়িত হলে তাদের বিদ্যমান মার্কিন ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল করা হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে তাদের স্থায়ীভাবে অযোগ্যও ঘোষণা করা হতে পারে।