
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আইনটি বাতিল বা রহিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে এ আবেদন করা হয়।
বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ হাইকোর্টে রিটটি দায়ের করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারির আবেদন জানানো হয়েছে। পাশাপাশি বিবাদীদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে, কেন সরকারকে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন বাতিল বা রহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না।
আবেদনে উল্লেখ করা হয়েছে, আইনটি প্রণয়নের যে মূল উদ্দেশ্য ছিল, তা ইতোমধ্যে পূরণ হয়েছে। ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সম্ভাব্য অপব্যবহার বা অপপ্রয়োগের আশঙ্কা এড়াতে আইনটি রহিত করা প্রয়োজন বলে রিটকারী দাবি করেছেন।
এছাড়া রিটে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।