
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষা বা ভাইভা নিয়ে নতুন করে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, বিসিএস পরীক্ষায় ভাইভা পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০-এ বহাল রাখা হয়েছে।
রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম দিনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত বিশেষ প্রজ্ঞাপন (এস.আর.ও. নং ৪১২-আই/২০২৪) অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিধিমালার ১৮-এর উপবিধি (১)-এর টেবিল অনুসারে ভাইভা পরীক্ষার নম্বর কাঠামো পুনর্নির্ধারণ করা হয়।
তিনি আরও বলেন, চলমান ৪৭তম বিসিএস থেকেই ১০০ নম্বরের এই নিয়মে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি বিশেষ বিসিএস হিসেবে ৪৮তম ও ৪৯তম বিসিএসেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ৫০তম বিসিএস এবং এর পরবর্তী সকল বিসিএস পরীক্ষায়ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিসিএস পরীক্ষা আরও স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।