দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে নতুন বাজেটে একাধিক যুগান্তকারী ও চমকপ্রদ উদ্যোগ নিতে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে পেশ হতে যাওয়া ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হাই-স্পিড ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করার বড় ঘোষণা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার অনুমোদন পাওয়া ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল বাজেটটি আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এবারের প্রস্তাবিত বাজেটে নারী শিক্ষার প্রসারে সবচেয়ে বড় চমক হিসেবে ছাত্রীদের জন্য স্নাতক (পাস) শ্রেণি পর্যন্ত সম্পূর্ণ বিনাবেতনে পড়াশোনার সুযোগ সৃষ্টি করার প্রস্তাব রাখা হচ্ছে।
ঝরে পড়া রোধ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অনন্য উদ্যোগ
অর্থনৈতিক সংকটের কারণে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা যাতে মাঝপথে বন্ধ না হয়ে যায়, সেই লক্ষ্যে বাজেটে বিশেষ সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। ঝরে পড়া রোধ করতে অভাবী ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে স্কুল ইউনিফর্ম (পোশাক), জুতো এবং স্কুলব্যাগ সরবরাহ করার ঘোষণা দেওয়া হবে এবারের বাজেটে।
পাশাপাশি, সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করতে তাদের পাঠগ্রহণের সুবিধার্থে আধুনিক সহায়ক প্রযুক্তি ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিনামূল্যে প্রদান করার মানবিক উদ্যোগও নেওয়া হয়েছে।
স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি নিশ্চিতকরণ
শিক্ষার্থীদের শারীরিক সুস্বাস্থ্য ও পুষ্টির চাহিদা মেটানোর বিষয়টিকে এবারের বাজেটে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে:
মিড-ডে মিল কর্মসূচি: স্কুলগুলোতে মধ্যাহ্নভোজ বা মিড-ডে মিল প্রকল্প চালু করা হবে এবং ধাপে ধাপে তা সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রসারণ করা হবে।
স্যানিটেশন ও হাইজিন: ছাত্রী এবং নারী শিক্ষকদের সুস্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে স্কুল-কলেজগুলোতে আধুনিক ও স্বাস্থ্যসম্মত বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার রূপরেখা রাখা হয়েছে।
প্রযুক্তি ও এআই নির্ভর স্মার্ট শিক্ষাব্যবস্থা
ভবিষ্যতের চ্যালঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ গড়ে তুলতে এবারের বাজেটে বড় ধরনের বিনিয়োগের প্রস্তাব করা হচ্ছে। প্রযুক্তি শিক্ষার প্রসারে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ (একজন শিক্ষক, একটি ট্যাব) কর্মসূচি চালু করা হবে। এর পাশাপাশি দেশের স্কুল-কলেজগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং প্রতিটি ক্যাম্পাসে বিনামূল্যে ওয়াই-ফাই নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়টি যুক্ত করা হয়েছে।
এছাড়াও, দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতের গুণগত মান বাড়াতে এক অভিনব উদ্যোগ নিয়েছে প্রশাসন। এই পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ প্রবাসী বাংলাদেশি গবেষক ও বিজ্ঞানীদের দেশের সামগ্রিক শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে সরাসরি সম্পৃক্ত করার বিশেষ প্রক্রিয়া শুরু করা হচ্ছে নতুন বাজেটে।