
বিশ্বজুড়ে ফুটবল মহোৎসবের আমেজ ছড়িয়ে পড়ার মাহেন্দ্রক্ষণে ২০২৬ ফিফা বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।
জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে এই উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মারক ডাকটিকিটের পাশাপাশি প্রধানমন্ত্রী ৫০ টাকা মূল্যের খাম-সংবলিত একটি নজরকাড়া স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি বিশেষ ডাটা কার্ডও অবমুক্ত করেন। উদ্বোধনের এই বিশেষ মুহূর্তে একটি সুদৃশ্য সিলমোহর ব্যবহার করা হয়।
স্মরণীয় এই প্রকাশনা অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনর রশিদ এই সময় সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেন।