
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের আনুষ্ঠানিক স্বাক্ষর ছাড়াই শুধু নিজের একক স্বাক্ষরে প্রকল্প অনুমোদন দিয়েছেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৩ মে) সকালে সচিবালয়ে তাঁর নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বিস্ফোরক অভিযোগ করেন। একই সাথে বিগত সময়ের প্রায় ছয় হাজার কোটি টাকার দুর্নীতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানান তিনি।
সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি বলেন, "অন্তবর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিয়ম বহির্ভূতভাবে সচিবের স্বাক্ষর ছাড়াই শুধু নিজের স্বাক্ষরে প্রকল্প অনুমোদন দিয়েছেন।"
তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের আমলে উপদেষ্টাদের বিভিন্ন মৌখিক নির্দেশনার কারণে অনেক উন্নয়ন কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। যার ফলে গত ১৮ মাসে পিরোজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য কোনো উন্নয়নকাজ দৃশ্যমান হয়নি।
আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতির চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, "আওয়ামী লীগ সরকারের সময়ে শুধুমাত্র পিরোজপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামেই প্রায় ছয় হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছিল। কিন্তু বাস্তবে মাঠপর্যায়ে কোনো কাজই করা হয়নি।" দীর্ঘ সময় ধরে চলা এসব প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির কারণেই উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয় ও বাস্তবায়ন পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এই অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে বলে তিনি জানান।
মীর শাহে আলম জানান, ২০০৯ সালের জানুয়ারি থেকে শুরু করে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ ১৭ বছরে স্থানীয় সরকার বিভাগ এবং এর অধীনস্থ সকল দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা গভীরভাবে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে (ডিজি) আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত এই কমিটিকে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।