
জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের সুফল প্রকৃত অর্থে জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। একই সাথে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সব পর্যায়ে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (২৩ মে) সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল ২০২৬ মাসের আরএডিপি (RADP) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পর্যালোচনা সভায় মন্ত্রী আফরোজা খানম বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশে চলমান সকল প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। বিমান ও পর্যটন খাতের উন্নয়নে ভবিষ্যতে নতুন কোনো প্রকল্প গ্রহণের আগে অবশ্যই এর আর্থিক সক্ষমতা নিখুঁতভাবে যাচাই করতে হবে।"
তিনি আরও বলেন, যেকোনো অবকাঠামো বা সুবিধা নির্মাণের আগে একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি ঠিকাদারদের কাজের গতি ও গুণগত মান পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়নে সততার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, জনগণের কষ্টার্জিত অর্থে যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, সেগুলোর সুফল যেন অপচয় না হয়ে সরাসরি জনগণের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। এ লক্ষ্যে কোনো ধরনের শিথিলতা বরদাশত করা হবে না।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চলমান বিভিন্ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।