
শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি কুমিল্লায় পথসভায় অংশ নেবেন, চাঁদপুরে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং দলীয় সাংগঠনিক কর্মসূচিতেও যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন তিনি। পথে কুমিল্লার বরুড়া উপজেলায় একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, দুপুরের আগে শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন তারেক রহমান। পরে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী এলাকায় বিশ্ব খালের পুনঃখনন কাজেরও উদ্বোধন করবেন তিনি।
এ ছাড়া বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের।