
দেশের সার্বিক উন্নয়ন এগিয়ে নিতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, রাস্তা, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এসব বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ চলছে।
সোমবার (১১ মে) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে বাজেট বরাদ্দ পেলে জনস্বার্থে কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। পাশাপাশি স্থানীয় উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাসিয়া নদীর খনন ও সীমানা নির্ধারণ প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রকল্পের আওতায় প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা রয়েছে। পানি কমলে কাজ শুরু করা হবে এবং অবৈধ দখল উচ্ছেদে উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় স্পষ্ট নীতিগত অবস্থান জানিয়েছেন এবং কোনো ধরনের পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।