
পদ্মা নদীর ওপর আরও একটি সুবিশাল সেতু নির্মাণের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সরকার। দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে বহুল প্রতীক্ষিত 'দ্বিতীয় পদ্মা সেতু' নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রস্তুতির বড় আপডেট
সোমবার (১১ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আয়োজিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী। এ সময় তিনি প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে আশাপ্রদ তথ্য দেন।
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সেতু নির্মিত হলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে—গণমাধ্যমকর্মীদের এমন পর্যবেক্ষণের জবাবে মন্ত্রী বলেন, "হ্যাঁ, পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতুর তিনটি প্রস্তাবনা আছে। তার এক নম্বর প্রস্তাবনা আপনি যেটা বলেছেন ওই রুটে। আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি, বলবো আমি এই মুহূর্তে। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট। অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি। আর ধরেন অন্যান্য প্রাক-প্রস্তুতি চলছে।"
প্রকল্পের অগ্রগতি ও চ্যালেঞ্জ
সড়ক পরিবহনমন্ত্রী জানান, মেগা প্রকল্পটির কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা সমীক্ষার (ফিজিবিলিটি স্টাডি) কাজ ইতোমধ্যে সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে সরকারের মূল মনোযোগ এখন প্রয়োজনীয় অর্থ সংস্থানের দিকে। এ লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট দপ্তর।
সংশ্লিষ্টদের মতে, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দেশের শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হবে। সরকার বর্তমানে অর্থায়নের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পের অন্যান্য প্রাথমিক ও প্রশাসনিক প্রস্তুতিগুলো দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে বলে সভায় জানানো হয়।