
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেহারা বদলায়নি, বরং জামায়াতই হঠাৎ করেই বদলে গেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমেদ।
মির্জা ফখরুল বলেন, “৫ আগস্টের পর তারা বলছেন আমাদের চেহারা বদলে গেছে। আমাদের চেহারা বদলায়নি; তারা হঠাৎ করেই বদলে গেল। হঠাৎ করে মনে হলো, তারা ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইঙ্গিত পেয়ে গেছে এবং সবকিছু প্রস্তুত হয়ে গেছে।”
তিনি অভিযোগ করেন, ওই সময় বিভিন্ন বক্তব্য ও মন্তব্য গণতন্ত্রকে সহায়তা করেনি, বরং রাজনৈতিক দূরত্ব তৈরি করেছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে—এটা কেউই মেনে নেবে না, দেশের মানুষও নেয়নি।”
সংবিধান প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এই সংবিধান আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত, আবেগের সঙ্গে জড়িত, ১৯৭১ সালের লাখো শহীদের রক্তের সঙ্গে জড়িত।” তিনি বলেন, সংবিধানের বহু ধারা বারবার পরিবর্তনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তবুও এটি স্বাধীন বাংলাদেশের মৌলিক দলিল।
রাষ্ট্রপতি প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তি নয়- রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান। ৫ আগস্টের পর রাষ্ট্রপতি না থাকলে দেশে অরাজকতা সৃষ্টি হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, এই ইতিহাস দেশের মানুষ হৃদয়ে ধারণ করে। এ নিয়ে কটাক্ষ করা হলে সাধারণ মানুষও কষ্ট পায়।
লন্ডনে অনুষ্ঠিত বৈঠক নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “ওই বৈঠক হয়েছিল বলেই আজ আমরা এখানে সবাই। ওই বৈঠকেই নির্বাচনের তারিখ নিয়ে সমঝোতা হয়েছিল।”
সংস্কারবিরোধী বলে বিএনপিকে আখ্যা দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, “সংস্কারের জনক তো আমরাই।”