
দেশে ভুয়া সাংবাদিকতা প্রতিরোধ, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিত করা এবং সাংবাদিকতার মানোন্নয়নে সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ একটি অনলাইন ডাটাবেইজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিমের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়।
লিখিত জবাবে মন্ত্রী বলেন, ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এআই প্রশিক্ষণ, তথ্যবিষয়ক নীতি সহায়তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেবে। বর্তমানে প্রতি মাসে ঢাকার বাইরে চারটি এবং ঢাকায় দুটি কর্মশালা পরিচালনা করা হচ্ছে। এছাড়া সাংবাদিক নেতাদের নিয়ে ঢাকায় মাসে অন্তত একটি কর্মশালা আয়োজন করা হবে।
মন্ত্রী আরও জানান, গুজব ও ভুয়া সংবাদ প্রতিরোধে তথ্য অধিদপ্তর থেকে ২২টি ফটোকার্ড এবং গুজব প্রতিরোধবিষয়ক ১০টি তথ্যবিবরণী জাতীয় দৈনিক ও নিউজ পোর্টালগুলোতে প্রকাশের জন্য পাঠানো হয়েছে। ফ্যাক্ট-চেকিং সংস্থা, মূলধারার সংবাদমাধ্যম এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনাসভা ও সেমিনার আয়োজনের প্রস্তুতিও চলছে।
সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে ১৯৭৪ সালের ‘প্রেস কাউন্সিল অ্যাক্ট’ যুগোপযোগী করে আরও কার্যকর করার লক্ষ্যে সংশোধন কার্যক্রম চলমান রয়েছে।
তিনি জানান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ২০২৫-২০২৬ অর্থবছরের মার্চ ২০২৬ পর্যন্ত ১ হাজার ১১০ জন অসুস্থ, অসচ্ছল, আহত ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ৪০২ জন সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানকে ৭৩ লাখ ২৬ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। রমজান মাসে দুই হাজার সাংবাদিক পরিবারকে এক কোটি ১২ লাখ ৩৪ হাজার টাকার ইফতার ও ঈদ উপহার দেওয়া হয়েছে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলে বর্তমানে আটটি অভিযোগ বিচারাধীন রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অনুযায়ী অভিযোগ দায়ের করতে পারবেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অপসাংবাদিকতা রোধে ইতোমধ্যে দেশের ৩২টি জেলায় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে প্রেস কাউন্সিল।