জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে।
এ বছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশ গঠনে অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
এছাড়া মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, সংগীত, ক্রীড়া, সমাজসেবা, জনপ্রশাসন, গবেষণা ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
অন্যদিকে পাঁচটি প্রতিষ্ঠানকেও এ বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানগুলো হলো—ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হয়ে আসছে।
পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণপদক, একটি প্রতিরূপ পদক ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।