
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ করে অধিবেশন চলাকালে মোবাইল ফোনে কথা বলা এবং স্পিকারের সঙ্গে কোনো সদস্য কথা বলার সময় মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু করলে ডেপুটি স্পিকার তার বক্তব্য থামিয়ে দিয়ে চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন।
ডেপুটি স্পিকার বলেন, সংসদের ভেতরে অনেক সদস্য ফোনে কথা বলছেন, যার শব্দ স্পিকারের আসন পর্যন্ত পৌঁছাচ্ছে। এতে যারা বক্তব্য রাখছেন বা শুনছেন, তাদের জন্য বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি চিফ হুইপকে অনুরোধ জানান।
এর জবাবে চিফ হুইপ নুরুল ইসলাম সংসদ সদস্যদের সতর্ক করে বলেন, হাউসের ভেতরে কেউ যেন ফোনে কথা না বলেন। প্রয়োজনে বাইরে গিয়ে কথা বলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংসদীয় বিধি অনুযায়ী ফ্লোর ক্রস করার নিয়ম মেনে চলার নির্দেশনা দেন। তিনি বলেন, স্পিকারের সঙ্গে কেউ কথা বলার সময় মাঝখান দিয়ে যাতায়াত না করে পেছন দিক দিয়ে ঘুরে চলাচল করতে হবে। এছাড়া সংসদ কক্ষে ছবি তোলা থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।
এর আগে গত ১০ এপ্রিল সংসদীয় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সতর্ক করেছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি তখন সংসদ সদস্যদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সংসদ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সদস্যদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।