
লেবাননে ইসরায়েলি হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে বৈরুতে এই হামলায় এক বাংলাদেশি নারী কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে গভীর শোক ও নিন্দা প্রকাশ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ অবস্থান জানায়।
মন্ত্রণালয়ের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে, যা অঞ্চলে চলমান শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নাগরিক মিস দীপালির মৃত্যুর ঘটনায় সরকার গভীর শোক প্রকাশ করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়েছে, এই কঠিন সময়ে সরকার তাদের পাশে থাকবে।
এছাড়া জানানো হয়, বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহত দীপালির পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত বুধবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান প্রবাসী বাংলাদেশি নারী মিস দীপালি। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার বাসিন্দা শেখ মোফাজ্জলের মেয়ে।