
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সহযোগিতা জোরদারে জার্মান সংসদ Bundestag-এর পরিবেশ কমিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশের পরিবেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে।
মঙ্গলবার(৭ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উভয় দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ও জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা এবং পরিবেশগত অংশীদারিত্বে নতুন উচ্চতায় পৌঁছেছে।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে জার্মানির কারিগরি ও আর্থিক সহায়তা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, গবেষণা ও জ্ঞান বিনিময়, সার্কুলার অর্থনীতি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং পানি পুনঃব্যবহারসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া জ্বালানি দক্ষতা, গ্রিন কুলিং, কার্বন নিঃসরণ হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব শিল্পায়নে যৌথ উদ্যোগ জোরদারের বিষয়েও আলোচনা হয়।
মন্ত্রী জানান, জার্মানির GIZ এবং KfW ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় বাংলাদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যা জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বৈঠকে “বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (BCDP)” কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে জলবায়ু অর্থায়ন, নীতিগত সংস্কার, উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়ন এবং জ্ঞান বিনিময় সহজতর করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি কার্বন মার্কেট থেকে কার্বন ক্রেডিট অর্জনের ক্ষেত্রেও সহায়তা প্রত্যাশা করা হয়।
জার্মান প্রতিনিধিদল বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে তাদের অব্যাহত সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করে।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত Rüdiger Lotz-সহ পরিবেশ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।