
দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের পোশাক সংক্রান্ত বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আদালতে মামলা পরিচালনার সময় আইনজীবীদের কালো কোট ও গাউন এবং বিচারকদের গাউন পরিধান করা বাধ্যতামূলক থাকবে না।
প্রধান বিচারপতির আদেশক্রমে হাই কোর্টের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারকরা এখন থেকে কালো কোট, ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড পরিধান করবেন, তবে গাউন পরিধান করার কোনো বাধ্যবাধকতা থাকবে না।
আইনজীবীদের জন্যও পোশাকের নিয়ম শিথিল করা হয়েছে। বিজ্ঞ আইনজীবীরা ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করতে পারবেন, ফলে কালো কোট ও গাউন পরার বাধ্যবাধকতা থাকবে না।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, এই নির্দেশনা মঙ্গলবার থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।