
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার থেকে সারা দেশে অফিস, ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। নতুন এ ব্যবস্থায় সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনা হয়েছে এবং সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এতে মোট কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে ৭ ঘণ্টা, যা আগের তুলনায় ১ ঘণ্টা কম।
তবে জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে। আদালতের সময়সূচি নির্ধারণ করবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার কর্মঘণ্টা শ্রম আইন অনুযায়ী নির্ধারণ করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
অন্যদিকে ব্যাংকিং খাতেও নতুন সময়সূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে, তবে গ্রাহক লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখাগুলো আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিয়ে বাড়িতে আলোকসজ্জা বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি ব্যবহারে সংযম আনতে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারের আশা, নতুন এই সময়সূচি জ্বালানি খরচ কমাতে সহায়ক হবে।