
ঢাকা মহানগরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর অনুমোদনহীন আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণের নির্দেশ দিয়েছে।
রোববার (৫ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অনুমোদনহীন বা রুট পারমিটবিহীন নাইট কোচ কাউন্টার, পার্কিং ও যাত্রী ওঠানামার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতের সময় তীব্র যানজট দেখা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে, ৭ কার্যদিবসের মধ্যে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়া মহানগরের অন্য কোনো স্থানে আন্তঃজেলা বাসের কাউন্টার পরিচালনা করা যাবে না। একই সঙ্গে অন্যান্য স্থানে অবৈধ নাইট কোচ কাউন্টার স্ব-উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অমান্য করলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এর মধ্যে কারাদণ্ড, অর্থদণ্ড, রুট পারমিট বাতিল এবং মালামাল বাজেয়াপ্ত করার মতো পদক্ষেপও নেওয়া যেতে পারে।
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, “জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহানগরের যানজট কমাতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা আশা করছি।”