
গণভোটকে সংবিধানের চেয়েও উচ্চ অবস্থানে উল্লেখ করে এর রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আয়োজিত দলের দায়িত্বশীলদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, গণভোট জনগণের সরাসরি মতামতের প্রতিফলন, তাই এটি সংবিধানের চেয়েও শক্তিশালী অবস্থানে থাকে। তিনি প্রশ্ন তোলেন, দেশে প্রথম গণভোট আয়োজনের সময় সংবিধানে এর কোনো উল্লেখ ছিল কি না, এবং দাবি করেন যে বাস্তবে গণভোটই জনগণের চূড়ান্ত মত প্রকাশের মাধ্যম।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি একসময় গণভোটের পক্ষে থাকলেও রাজনৈতিক হিসাব-নিকাশ বদলে যাওয়ার পর অবস্থান পরিবর্তন করেছে। তাঁর ভাষায়, ‘নির্বাচনের আগে পর্যন্ত তারা গণভোটের পক্ষে ছিল, কিন্তু নিজেদের জয় নিশ্চিত মনে হতেই সেখান থেকে সরে গেছে।’
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি জোট প্রকাশ্যে গণভোটের পক্ষে অবস্থান নিলেও ভেতরে ভেতরে এর বিপক্ষে ছিল। গণতন্ত্রে বিশ্বাস থাকলে সব পক্ষকে একসঙ্গে গণভোটের পক্ষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সেই সঙ্গে সমাবেশে বক্তব্যের একপর্যায়ে তিনি ‘জান্নাতের টিকিট’ প্রসঙ্গ টেনে বলেন, সংসদে এ বিষয়ে প্রশ্ন তোলা হবে এবং বিষয়টি নিয়ে জনমনে যে আলোচনা চলছে, সেটিরও ব্যাখ্যা চাওয়া হবে।
‘সংসদে আমরা তাদের কাছে একটা জান্নাতের টিকিট চাইব। দেখব, ওটা দেখতে কেমন হয়। এখন মিডিয়াতে ভাসছে, কারা জান্নাতের টিকিট বিক্রি করছে,’ প্রশ্ন রাখেন তিনি।