
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের কোনও বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনও আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে পারবে না।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়-এ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, দেশে সুশাসনের অভাব হলে রাষ্ট্র ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকিতে পড়ে, যা বিদেশি হস্তক্ষেপের পথ তৈরি করতে পারে। তবে জাতীয় ঐক্য বজায় থাকলে এ ধরনের আশঙ্কা কাটিয়ে ওঠা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
এসময় তিনি অভিযোগ করেন, বিগত সরকার ইতিহাসকে নিজেদের মতো করে উপস্থাপন করেছে। পাশাপাশি তিনি দাবি করেন, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজেদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রচার করে, যা তিনি ‘চরম মিথ্যাচার’ বলে আখ্যা দেন।
দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।