
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে সংঘটিত রক্তাক্ত ঘটনার তদন্ত প্রায় শেষের দিকে, আর এই মামলায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিও রেহাই পাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৩১ মার্চ) তিনি বলেন, শাপলা চত্বরের ওই হত্যাযজ্ঞের তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এই ঘটনায় যার নাম উঠে আসবে, তিনি রাষ্ট্রের প্রধান ব্যক্তি হোন কিংবা নিম্নপদস্থ কর্মচারী, তদন্তের বাইরে কেউ থাকবেন না।
এরই মধ্যে এ মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক আব্দুল জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
চিফ প্রসিকিউটর আরও জানান, অতীতে সংঘটিত বিভিন্ন ক্রসফায়ারের ঘটনাও খতিয়ে দেখা হবে এবং প্রয়োজন হলে সেগুলো ট্রাইব্যুনালের বিচারের আওতায় আনা হবে।
এ প্রসঙ্গে মো. আমিনুল ইসলাম বলেন, ‘ওয়ান ইলেভেনের সময়ের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যাদের নাম আসবে তাদেরকেই বিচারের আওতায় আনা হবে’।