
নতুন পে স্কেল নির্ধারণে বর্তমান সরকারের নিজস্ব কমিশন গঠনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত পে কমিশনের সুপারিশ সরাসরি গ্রহণ না করে তা নতুনভাবে পর্যালোচনা করা উচিত।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর ধানমণ্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কার্যালয়ে ‘বাজেট ঘিরে নাগরিক ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক প্রাক্-বাজেট মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগের সরকার মেয়াদের শেষ সময়ে পে স্কেল সংক্রান্ত যে উদ্যোগ নিয়েছিল, তার বাস্তবায়নের চাপ বর্তমান সরকারের ওপর পড়ে গেছে। এতে এক ধরনের ‘প্রলম্বিত দায়’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তার মতে, নতুন সরকারের উচিত নিজস্বভাবে একটি পে কমিশন গঠন করা। আগের কমিশনের প্রতিবেদনকে একটি উপাদান হিসেবে বিবেচনা করা যেতে পারে, তবে তা প্রশ্নহীনভাবে গ্রহণ করা সমীচীন নয়।
রাজস্ব আদায় বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক অঙ্গীকার এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা দূর করা গেলে রাজস্ব আয় বৃদ্ধি সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের ভেতরে ও বাইরে জব্দ করা সম্পদ দ্রুত আইনি প্রক্রিয়ায় বিক্রি করে অর্থ দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। এতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি।