
দেশে বাড়তে থাকা গণপিটুনি ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ বা জনসমাবেশের আড়ালে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা সহ্য করা হবে না এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আলোচনায় রুমিন ফারহানা পূর্ববর্তী সরকারের সময় গুম ও বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গ তুলে ধরে বর্তমান সময়ে ‘মব কালচার’-এর বিস্তার নিয়ে উদ্বেগ জানান। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে এ ধরনের ঘটনায় আনুমানিক ২৫০ থেকে ৩০০ জন নিহত হয়েছেন। একই সঙ্গে ২১ ফেব্রুয়ারির একটি ঘটনায় নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান এবং এ প্রবণতা দমনে সরকারের পদক্ষেপ জানতে চান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার ঘোষণা দিয়েছে—দেশে কোনো ধরনের মব কালচার চলতে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সময়ে যে সড়ক অবরোধের প্রবণতা দেখা গিয়েছিল, তা ভবিষ্যতে আর বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সব সহিংস ঘটনাকে মব হিসেবে চিহ্নিত করা সঠিক নয়। কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় পরিকল্পিত হামলা ও ভাঙচুরকে সংগঠিত অপরাধ হিসেবে গণ্য করা হয়, যার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং জড়িতদের বিচারের আওতায় আনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের দাবি থাকতেই পারে, তবে তা অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে উপস্থাপন করতে হবে। স্মারকলিপি প্রদান, সেমিনার আয়োজন বা শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে মত প্রকাশের অধিকার সবার রয়েছে। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, সরকার বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার রক্ষা করবে, তবে মবের মাধ্যমে দাবি আদায়ের সংস্কৃতি পরিহার করতে হবে।