
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিষয়ক পর্যালোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কৃষক কার্ড চালুর মূল উদ্দেশ্য হলো প্রকৃত কৃষকরা যেন সার, বীজ, কীটনাশক এবং সরকারি আর্থিক সহায়তা মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই সরাসরি পান, তা নিশ্চিত করা।’
শবে কদরের পবিত্র ছুটির দিনেও অফিসে কাজ করেছেন প্রধানমন্ত্রী। সকাল ১১টায় তিনি সচিবালয়ে উপস্থিত হন এবং ‘কৃষক কার্ড’ বাস্তবায়ন কমিটির কার্যক্রমের সাম্প্রতিক অগ্রগতি পর্যালোচনা করেন।
এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সাক্ষাৎ শেষে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, “প্রধানমন্ত্রী মহানগর (ঢাকা) নিয়ে খুবই সিরিয়াস। তিনি সবসময় ওনার নলেজে রাখতে চান যে আমরা কী কাজ করছি, কোথায় কী কাজ বাকি আছে এবং কোথায় কী কাজ করতে হবে।”
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছেন শহরটিকে পরিচ্ছন্ন ও আধুনিক মহানগরী হিসেবে গড়ে তোলার জন্য।