
সরকারি দায়িত্বের পরিধি আরও বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় থাকা এই উপদেষ্টা এখন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও দেখভাল করবেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৪ ফেব্রুয়ারি এবং ৪ মার্চ জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করা হয়েছিল।
সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দায়িত্ব পুনরায় সমন্বয় করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনি এখন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন।